ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ সংযোগ ]

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে না: প্রতিমন্ত্রী টুকু

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:২৬, ৭ অক্টোবর ২০২৬
আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে না: প্রতিমন্ত্রী টুকু
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, আমরা যদি এক ও ঐক্যবদ্ধ থাকি, তাহলে এমন কোনো শক্তি নেই, যারা ষড়যন্ত্র করে এই দেশের ক্ষতি করতে পারে। তাই দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
বুধবার (০৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সাভার উপজেলার পূজামণ্ডপসমূহের আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে আমরা পথ চলতে চাই। বাংলাদেশকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে শক্তি হিসেবে নিয়ে আমরা দেশ গড়তে চাই। এই দেশ আমাদের সবার; তাই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার।’
 
তিনি বলেন, এ দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
 
আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা সবার দায়িত্ব।
 
প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মণ্ডপগুলোতে মনিটরিং টিম গঠন করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে।
 
মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদেরও এ কাজে সম্পৃক্ত হতে হবে।
 
কিশোর অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, কিশোরদের অপরাধের দিকে ঠেলে দেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই কিশোরদের মাদক, অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।
 
দুর্গাপূজার সময় স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
 
তিনি বলেন, ‘আমরা যদি যার যার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গুর ঝুঁকি দুটোই কমবে।’
 
এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে।
 
ঢাকা জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার নাগ ও সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়নসহ অন্যরা।
 
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/মৎস্য-প্রা/একেকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
সংযোগ জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!