করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ১০ হাজার ৫৫৩ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ২ হাজার কম। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫০ হাজার।
এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৬৮ হাজার ৩৯৯ জনে। আর গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৬৩৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ৪৭১ জনে।
.png)
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জন মারা গেছেন।
আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জনের।
অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৮ হাজার ৫২৬ জন, রাশিয়ায় এক লাখ ১৮ হাজার ১২৫ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৭১৬ জন, ইতালিতে এক লাখ ২৫ হাজার ১৫৩ জন ও তুরস্কে ৪৬ হাজার ৭১ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশটিতে প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।