করোনা প্রতিরোধে পাকিস্তান সরকারের গঠিত টাস্কফোর্স ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের পক্ষ থেকে (এনসিওসি) সোমবার এক টু্ইট বার্তায় জানায়, ‘... করাচিতে ওমিক্রনে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে। এটি পাকিস্তানে প্রথম ওমিক্রন শনাক্তের ঘটনা। ওই রোগী ব্যাতীত আর কোনো রোগী এই ধরনে আক্রান্ত হলো কি না সে বিষয়ে এনসিওসি তৎপরতা চালাচ্ছে।’
সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১২ লাখ ৮৯ হাজার ৪৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ২৮ হাজার ৮৩০ জনের।
.png)
এদিকে, সোমবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানায়, গত বৃহস্পতিবার চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে টেস্ট করাতে আসেন। টেস্টের জন্য দেওয়া নমুনা বিশ্লেষণ করে দেখা যায়- ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত। বর্তমানে তিনি তিয়ানজিনের একটি হাসপাতালে আইসোলেশনে আছেন।
করোনাভাইরাসের উৎসস্থলও চীন। ২০১৯ সালের ডিসেম্বরে দেশটির হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে সর্বপ্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটে এই শহরে।
এদিকে, গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনের তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। অবশ্য পরবর্তীতে জানা যায়, দক্ষিণ আফ্রিকায় এই ধরনটির ব্যাপারে বিশ্বকে জানানোর পাঁচদিন আগে নেদারল্যান্ডসে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের ৬৩টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন। উপমাদেশের দুই দেশ ভারত ও বাংলাদেশেও শনাক্ত হয়েছে ওমিক্রনে আক্রান্ত রোগী। ভারতের অন্তত ৫ রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।