চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।
জানা গেছে, দিন দিন চট্টগ্রামে করোনা আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছেন না চট্টগ্রামের মানুষ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন, শপিংমল, পর্যটন স্পটসহ কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না।
.png)
এদিকে, ১৮ জানুয়ারি চট্টগ্রামে ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। নগরের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। এদিন নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এছাড়া নতুন আক্রান্ত ৮২৯ জন মহানগরীতে ও ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৪৬ জন আক্রান্ত হয়েছে ও ১৩৪৮ জন করোনায় মৃত্যু হয়েছে।