রাজধানীতে শনাক্তের ৯৮ শতাংশ ওমিক্রন
রাজধানীতে করোনা আক্রান্তদের মধ্যে ৯৮ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
রোববার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটে জানানো হয়, গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিডিডিআর,বির ভাইরোলজি ল্যাবে রাজধানীর ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে।
.png)
আইসিডিডিআর,বি জানায়, ৪৮টি নমুনার মধ্যে ৪৭টি নমুনায় ওমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেল্টা ধরন। শতকরা হিসাবে যা ২ শতাংশ। করোনা রোগীদের মধ্যে অমিক্রনের বিএ.২ উপধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ শতাংশ রোগী। বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপধরনে আক্রান্ত।
এর আগে, ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি জানায়, জানুয়ারির মাসের শেষ সপ্তাহে করোনার ডেল্টা ধরনের জায়গায় সম্পূর্ণভাবে ওমিক্রন জায়গা করে নিয়েছে। গত ১৫ থেকে ২৮ জানুয়ারির মধ্যে ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা ঢাকা শহর থেকে সংগ্রহ করা হয়েছে। জিনোম সিকোয়েন্স করে এর মধ্যে ৯২ শতাংশ নমুনায় ওমিক্রন এবং ৮ শতাংশ নমুনায় ডেল্টার ধরন পাওয়া গেছে। ওমিক্রন শনাক্ত হওয়া নমুনার মধ্যে উপধরন বিএ.২ সবচেয়ে বেশি বলে চিহ্নিত করা গেছে।