করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২১
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ।
এদিকে এ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।
.png)
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৮১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯১৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ শতাংশ।
দেশে প্রথম ২০২০ সালের ৮ মার্চ তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।