শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কালাইমারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিম আক্তার ঐ গ্রামেরই বাসিন্দা। আটককৃত সুমন শেখ ও তার বাবা সোবহান শেখ পার্শ্ববর্তী মাদ্রা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ৯ মাস আগে সুমন শেখের সঙ্গে বিয়ে হয় মিম আক্তারের। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মিমের কাছে যৌতুক দাবি করছিল স্বামী ও শ্বশুর। এরই জেরে পাঁচ মাস আগে বাবার বাড়ি ফিরে আসেন মিম। স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করা হলে আরো বেপরোয়া হয়ে ওঠে সুমন ও তার পরিবার।
.png)
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মিমের বাবার বাড়ি গিয়ে তাকে কৌশলে বাড়ির পেছনে ডেকে নিয়ে যায় সুমন ও তার বাবা সোবহান শেখ। এরপর তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এতে মিমের হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। এক পর্যায়ে তার চিৎকারে সুমন ও তার বাবা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐ সময় সোবহান শেখকে আটক করে পরিবারের লোকজন। পরে মিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। ঐ ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত সুমন শেখকে আটক করা হয়।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সুমন শেখ ও তার বাবা সোবহান শেখের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।