১৮ কোটি টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক আমিন গ্রেফতার
কানাডা, পোল্যান্ড ও রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে সিলেটের দুই শতাধিক ব্যক্তির থেকে প্রায় ১৮ কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক আমিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আমিনুর রহমান নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের আমিন রহমান ট্রাভেলসের মালিক ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার নিজগাঁওয়ের তোফাজ্জল আলীর ছেলে।
.png)
জানা যায়, প্রতারক আমিনুর রহমান কানাডা ও রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে লোকজনের কাছ প্রায় ১৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান।
আরো পড়ুন: ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা প্রবাসীর
ভুক্তভোগীরা জানান, ৯০ দিনের মধ্যে রোমানিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয় ‘আমিন রহমান ট্রাভেলস’। ওই বিজ্ঞাপন দেখে তারা নগরীর জিন্দাবাজার হক সুপার মার্কেটস্থ ট্রাভেলসে যোগাযোগ করেন। তখন ট্রাভেলসের মালিক আমিনুর রহমান জানান, রোমানিয়ায় যেতে হলে ৬ লাখ টাকা লাগবে। প্রথমে বুকিং মানি হিসেবে ৫০ হাজার টাকা ও ওয়ার্কপারমিট আসার পর দিতে হবে আরও ৫০ হাজার টাকা। বাকি ৫ লাখ দিতে হবে ভিসা হওয়ার পর। আমিনের কথামতো রোমানিয়ায় যেতে আগ্রহীরা তার সঙ্গে স্ট্যাম্পে লিখিত চুক্তি করে টাকা দেন।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রোমানিয়ায় ফ্লাইট দেওয়া শুরুর কথা ছিল। কিন্তু ওইদিন বিকেল ৪টা থেকে মোবাইল বন্ধ করে গাঁ ঢাকা দেন তিনি। পরে অনেকে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের পাসপোর্টে লাগানো ভিসাও ছিল জাল। এছাড়া অনেককে ভিসা হওয়ার কথা বললেও তাদেরকে পাসপোর্ট ফেরত দেননি আমিন।
গত শনিবার দুপুরে এ নিয়ে 'আমিন রহমান ট্রাভেলসে'র সামনে বিক্ষোভ করেন প্রতারণার শিকার ব্যক্তিরা। ওইদিন বিকেলে আমিন রহমানকে প্রধান অভিযুক্ত করে আরও ২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন এক ভুক্তভোগী। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদ বলেন, তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।