এক ভোল মাছ বিক্রি হলো চার লাখ ৮০ হাজারে
বঙ্গোপসাগরের দুবলার চরে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি ভোল মাছ। রোববার (৬ মার্চ) দুপুরে বাগেরহাটে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে চার লাখ ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন সম্রাট নামের এক ব্যবসায়ী।
এর আগে বুধবার (২ মার্চ) ৩২ কেজি ওজনের আরেকটি ভোল মাছ ধরা পড়ে। সেটিও নিলামে সর্বোচ্চ দুই লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হয়।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, চলতি শুঁটকি মৌসুমের শেষের দিকে জেলেদের জালে সামুদ্রিক ভোল মাছ ধরা পড়ছে। এ পর্যন্ত ছয়টি ভোল মাছ ধরা পড়েছে। এগুলো ২২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়। এ মাছ অনেক মূল্যবান ও সুস্বাদু।
আরো পড়ুন: বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন, রাজপথে সহপাঠীদের বিক্ষোভ
দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ বলেন, চলতি শুঁটকি মৌসুমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আশানুরূপ মাছ না পাওয়ায় জেলেরা হতাশায় পড়েন। এরমধ্যে প্রাকৃতিক দুর্যোগে তাদের প্রায় ১৫ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। তবে শেষ সময়ে বেশ কয়েকটি দামি মাছ ধরা পড়ায় তাদের মুখে কিছুটা হাসি ফুটেছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বঙ্গোপসাগরের দুবলার চরে এবার ১৩টি জেলে পল্লীতে প্রায় ৩০ হাজার জেলেদের শুঁটকি প্রক্রিয়াকরণের অনুমতি দেওয়া হয়। তবে কিছু সামুদ্রিক মাছ আহরণে জেলেদের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। তবে এ নিষেধাজ্ঞার মধ্যে ভোল মাছ নেই।