ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তালা ভেঙে ঢুকলেন ঘরে, পেলেন স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ১২ মার্চ ২০২২
তালা ভেঙে ঢুকলেন ঘরে, পেলেন স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ
ফাইল ছবি

বরগুনার বেতাগীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা এলাকায় নিজ ঘর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জোয়ার করুণা এলাকার মনির হাওলাদারের ছেলে ২২ বছর বয়সী আসলাম হাওলাদার ও তার স্ত্রী ১৮ বছরের তামান্না বেগম।

স্থানীয়রা জানায়, এক বছর আগে বাড়ির পাশের হিরু হাওলাদারের মেয়ে তামান্নাকে ভালোবেসে বিয়ে করেন আসলাম। বাবা ঢাকায় রডের মিলে কাজ করায় মা আর স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন তিনি। বৃহস্পতিবার বাবার বাড়ি বেড়াতে যান আসলামের মা পারভীন আক্তার।

Advertisement

শনিবার সকালে আসলাম দম্পতির সাড়াশব্দ না পেয়ে তালা ভেঙে ঘরে ঢোকেন প্রতিবেশীরা। এ সময় ঘরের দোতলায় তাদের ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তামান্নার মা জেসমিন আক্তার বলেন, এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে আসলামের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। এরপরে থেকে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না।

বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন বলেন, বাড়ির দোতলা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রহস্য উন্মোচনে বিষয়টি তদন্ত করছে সিআইডি টিম।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বেতাগী সার্কেল) মো. মেহেদী হাচান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!