ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঞ্চে অগ্নিকাণ্ড: বরগুনায় ৪৩ জনের ডিএনএ সংগ্রহ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ২৯ ডিসেম্বর ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড: বরগুনায় ৪৩ জনের ডিএনএ সংগ্রহ
এমভি অভিযান-১০ লঞ্চে অগিকাণ্ডে নিহত অজ্ঞাত লাশ শনাক্তে স্বজনদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে

ঝালকাঠিতে চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্ত করার জন্য বরগুনায় নেয়া হচ্ছে স্বজনদের ডিএনএ নমুনা। জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে ৩৬ জন নিখোঁজের তালিকা তৈরি করা হয়। যাদের মধ্যে পাথরঘাটার শিশু তাবাচ্ছুম ও লঞ্চের সহকারী বাবুর্চি শাকিল মোল্লার লাশ শনাক্ত ও হস্তান্তর করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, তাদের কাছে এখনো ৩৪ জন নিখোঁজের তালিকা রয়েছে। গত ২৫ ডিসেম্বর পোটকাখালীর গণকবরে অজ্ঞাত ২৩ জনের লাশ ২১টি কবরে দাফন করা হয়েছে। দাফনের আগে ডিএনএ সংগ্রহ করে রাখা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া এসব লাশের দাবিদারদের ডিএনএ গত সোমবার বিকেল থেকে নেয়া হচ্ছে।

সিআইডির ডিএনএ পরীক্ষক রবিউল ইসলাম জানান, বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত ৩০ জনের মরদেহ শনাক্ত করার জন্য ৪৩ জনের নমুনা নেয়া হয়েছে। এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের লাশ পাওয়া গেছে। যাদের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুমে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত ও শতাধিক দগ্ধ হয়েছেন। এছাড়া সাঁতরে তীরে উঠে কোনোরকমে প্রাণ বাঁচিয়েছেন প্রায় অর্ধশত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!