মুফতি হান্নানের ভাই মুন্সি ইকবাল গ্রেফতার
জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রধান মুফতি হান্নানের ভাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ঢাকার সাভার থানাধীন রাজাশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদ ছড়ানোর কাজে ব্যবহৃত মোবাইল, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইকবাল আহমেদ স্বীকার করেছে- সে একসময় হরকাতুল জিহাদের নেতা ছিল। ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল মাজারে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনার পর জঙ্গি সংগঠনটির ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কারণে তারা আনসার আল ইসলামের সঙ্গে কাজ শুরু করে।
এডিশনাল ডিআইজি মোজাম্মেল বলেন, বর্তমানে সে আনসার আল ইসলামের অন্যতম সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছে। সংগঠনের ৫-৬ জন সদস্যের সঙ্গে ১১ মার্চ রাতেও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছে সে। সংগঠক হিসেবে অন্য সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতো মুন্সি ইকবাল।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মুন্সি ইকবাল গোপালগঞ্জের একটি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত পড়েছে। পরবর্তীতে সাভার এলাকায় বসবাস শুরু করে। সে আলোচিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রধান মুফতি হান্নানের ভাই। আনসার আল ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে এবং দেশের বাইরে আফগানিস্তান থেকে প্রশিক্ষণসহ নতুন নতুন কৌশল রপ্ত করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতার চারটি মামলা রয়েছে।