৯৯৯-এ ফোন করে রক্ষা পেলেন প্রেমিক-প্রেমিকা
রাজশাহীর বাগমারায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে প্রেমিক-প্রেমিকাকে আটকে রেখেছিলেন এলাকার লোকজন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে প্রেমিককে পিটিয়ে জখমও করেন। পরে নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে এলাকাবাসীর কবল থেকে নিজেদের রক্ষা করেছেন ঐ প্রেমিক - প্রেমিকা।
বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। দুই প্রেমিক - প্রেমিকা বাগমারা থানার পুলিশের হেফাজতে রয়েছেন।
প্রেমিকা জানান, তিনি মোহনপুর এলাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ছয় মাস আগে তিনি বদলি হয়ে বাগমারায় আসেন। কিছুদিন আগে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে বলে তিনি দাবি করেন। এরপর থেকে তিনি ভাড়া বাসায় আলাদা বাস করতেন। ভোরে তিনি প্রেমিককে তার বাড়িতে ব্যক্তিগত কাজে ডেকে নিয়ে আসেন।
.png)
প্রেমিক বলেন, সকালে তিনি প্রেমিকার ডিভোর্সের কাগজপত্র তার স্বামীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আসেন। ছয়টার পর তিনি প্রেমিকার বাড়িতে ঢোকেন। এর কিছুক্ষণ পরই স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে আপত্তি জানালে ঐ প্রেমিককে মারধর করে আটকে রাখা হয়। পরে তারা সাহায্যের জন্য ৯৯৯-এ কল করেন।
স্থানীয় লোকজন বলেন, ওই নারীর আচরণে তাদের সন্দেহ হয়। তার ঘরে থাকা প্রেমিককে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলায় তারা আটকে রেখেছিলেন। তবে তাদের কাছ থেকে কোনো টাকা দাবি করা হয়নি বলে তারা দাবি করেন।
বাগমারা থানার এসআই রবিউল ইসলাম বলেন, বাগমারায় এক নারী ও পুরুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ করা হচ্ছে- এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরে আহত অবস্থায় প্রেমিক-প্রেমিকাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। তারা নিজেদেরকে প্রেমিক-প্রেমিকা বলে দাবি করেছেন।