ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এল সাভারের আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৬, ১৯ মার্চ ২০২২
তিন ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এল সাভারের আগুন
নিয়ন্ত্রণে এসেছে ডিইপিজেড কারখানায় লাগা আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনের প্যাকজার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শনিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে ডিইপিজেডের প্যাকজার নামে কারখানার স্টিল শেডে আগুন লাগে। প্রায় দুই বছর আগে ওই স্থানে কারখানাটির কার্যক্রম শুরু হয়।

ডিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবহান আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

Advertisement

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫০মিনিটে স্টিল শেডের ওই একতলা কারখানায় আগুন লাগার খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি, সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ঢাকা সদর দপ্তরের একটিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান রাজিব বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

ডিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবহান গণমাধ্যমকে বলেন, একতলা একটি কাগজের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই কোম্পানি হলো পৃথিবীর শ্রেষ্ঠ লেবেল কোম্পানি। কারখানা ছুটি থাকা অবস্থায় আগুনের ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!