সাতকানিয়ার তিন ইউনিয়নে ভোট চলছে
চট্টগ্রামের সাতকানিয়ায় তিন ইউনিয়নের চার কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে বেশি।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল তালেব মণ্ডল।
তিনি বলেন, নির্বাচনী মাঠে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা কাজ করবে।
চারটি কেন্দ্রের ১৯টি বুথে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলো হলো- কাঞ্চনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগরিয়ার ৬ নম্বর ওয়ার্ডের খাগরিয়া বোর্ড অফিস ও ৭ নম্বর ওয়ার্ডের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিয়াইশের ৯ নম্বর ওয়ার্ডের বুদাগাজী পাড়া ফোরকানিয়া মাদরাসা।
৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। সেদিন ধাওয়া-পাল্টা ধাওয়াসহ নানা সহিংসতায় কাঞ্চনা, খাগরিয়া ও কালিয়াইশ ইউনিয়নের চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।