ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
লালমনিরহাটে এক জঙ্গির সাড়ে ২৬ বছর কারাদণ্ড
লালমনিরহাটে তালিম প্রধান নামে এক জঙ্গির সাড়ে ২৬ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ (সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল) মো. মিজানুর রহমান এ দণ্ড দেন।
সাজাপ্রাপ্ত জঙ্গি তালিম প্রধান পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।
লালমনিরহাট আদালত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে তালিম প্রধান ও আব্দুস সবুরের বিরুদ্ধে গত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর পাটগ্রাম থানায় একটি মামলা করা হয়। মামলাটি প্রথম তদন্ত করেন পাটগ্রাম থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আজমীর হোসেন। দ্বিতীয় তদন্তকারী অফিসার হিসেবে গত ২০১৯ সালের ৩০ জুন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রংপুর র্যাব ১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান। দীর্ঘ প্রায় চার বছর পর এ মামলার রায় হলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) আকমল হোসেন আহমেদ জানান, অভিযোগপত্রে দুই আসামি গ্রেফতার থাকলেও আব্দুস সবুর জামিনে ছিলেন। আলোচিত এ মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ (সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল) মো. মিজানুর রহমান অভিযুক্ত তালিম প্রধানের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত তালিম প্রধানকে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬(২) ই ধারায় ১৪ বছর, একই আইনের ৮ ধারায় ৬ মাস, ৯ ধারায় ৭ বছর ও ১৩ ধারায় ৫ বছর। সব মিলে ২৬ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। এ রায়ে সবগুলো সাজা একই সঙ্গে কার্যকর হবে। আসামির হাজতবাসকালীন সময় সাজা থেকে বাদ যাবে।
এ মামলায় জামিনে অপর আসামি আব্দুস সবুরকে মামলা থেকে আদালত বেকসুর খালাস দিয়েছে বলেও জানান তিনি।