ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেট ফি দিতে পারেননি ‘গরিব’ বাবা, বিজ্ঞানের ছাত্রীর আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ৯ এপ্রিল ২০২২
প্রাইভেট ফি দিতে পারেননি ‘গরিব’ বাবা, বিজ্ঞানের ছাত্রীর আত্মহত্যা
ফাইল ছবি

বরগুনার তালতলীতে প্রাইভেটের টাকা নিয়ে মায়ের সঙ্গে অভিমানে সিমা নামে ১৭ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলা পূর্ব ঝাড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। সিমা একই এলাকার খালেক আকন্দের মেয়ে। তিনি তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

স্বজনরা জানান, কলেজের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তেন সিমা। মাস শেষ হওয়ায় প্রাইভেটের টাকা চান বাবার কাছে। কিন্তু সিমার বাবা দিনমজুর হওয়ায় কিছুদিন সময় চান। এ নিয়ে শনিবার সকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সিমার। পরে মায়ের সঙ্গে অভিমান করে নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

সিমার মা বলেন, আমাদের সংসার চালাতে কষ্ট হলেও মেয়েকে লেখাপড়া করাচ্ছিলাম। প্রাইভেটের টাকার জন্য আমার সঙ্গে মনোমালিন্য হয়। তবু কষ্ট করে প্রাইভেটের ৫০০ টাকা দেই। কিন্তু কলেজে না গিয়ে আত্মহত্যা করে মেয়ে।

তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, সীমা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তবে নিয়মিত ক্লাসে আসতেন না। এছাড়া কোন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তেন সেটা আমার জানা নেই। খোঁজখবর নিয়ে জানা যাবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জেনেছি। লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!