ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩০ কিলোমিটার যানজট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ৯ এপ্রিল ২০২২
৩০ কিলোমিটার যানজট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ
নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার যানজট। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানোৎসবকে কেন্দ্র করে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। এ কারণে লাঙ্গলবন্দ সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

লক্ষ্মীপুরের বাসিন্দা আমির হোসেন সকাল ১০টায় ঢাকার সায়েদাবাদ থেকে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বাসে উঠে বিকেল ৪টায় সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় পৌঁছান। তিনি জানান, তার দুই সন্তান ও স্ত্রী যানজটে আটকা পড়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে।

Advertisement

সকাল ৯টা থেকে ইফতারের আগ পর্যন্ত মহাসড়কে দেখা গেছে, প্রচণ্ড গরমের মধ্যে পুণ্যার্থীরা যানজটে বসে দুর্ভোগের শিকার হচ্ছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও মোগরাপাড়া, নবীগঞ্জ, কাইকারটেক, লাঙ্গলবন্দ, মদনগঞ্জ, মদনপুর ও বারদি, অলিপুরা আঞ্চলিক সড়কে ভোর থেকে ইফতারের আগ পর্যন্ত যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন অনেকে। দীর্ঘ যানজটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন চালক ও যাত্রীরা। তীব্র দাবদাহে যানজটে আটকা পড়ে শতাধিক যাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের চালক শহীদুল ইসলাম জানান, সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে ৪ ঘণ্টায় মদনপুর এসেছেন। যানজট না থাকলে অন্য সময়ে ৩০ মিনিটে এ স্থানে আসতে পারতেন।

কুমিল্লা থেকে গাজীপুরগামী ট্রাকচালক কামাল হোসেন জানান, মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর থেকে যানজট শুরু হয়েছে। ২ ঘণ্টায় সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এসে পৌঁছেছেন।

সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, সকাল থেকে মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট দূর করার চেষ্টা করছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!