মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অংশে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন গাড়িচালক, বাসযাত্রীসহ সাধারণ মানুষ।
লাঙ্গলবন্দে শুরু হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে ফাঁড়ি পুলিশ। তীব্র যানজটের কবলে পড়ে অনেকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। অনেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা হন।
শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে জামালদী মেঘনা সেতু পর্যন্ত ঢাকা থেকে ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে যানজটের সুযোগে বিভিন্ন পরিবহণে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
.png)
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবেরচর থেকে গুলিস্তান ৬০ টাকার ভাড়া, সেখানে ১৫০ টাকা করে নিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা।
জাকির হোসেন নামে এক যাত্রী জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে নোয়াখালী থেকে তিনি সকাল ৬টার দিকে রওনা হয়েছেন। পাঁচ ঘণ্টায় তিনি মাত্র আনারপুরা পর্যন্ত আসতে পেরেছেন।
জিয়াউল নামের এক প্রাইভেটকারচালক জানান, যানজটে তিনি সকাল ৯টা থেকে ভাটেরচর এলাকায় বসে আছেন। ৩০ মিনিটের পথ তিনি চার ঘণ্টায়ও পার হতে পারেননি।
আকলিমা নামের এক যাত্রী জানান, অসুস্থ সন্তানকে নিয়ে তিনি সোনারগাঁও এক প্রাইভেট ক্লিনিক ডাক্তার দেখাতে যাবেন। ভিটিকান্দি এলাকায় দুই ঘণ্টা গাড়িতে বসে থেকে পরিশেষে হেঁটে রওনা দেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবী হোসেন বলেন, লাঙ্গলবন্দে শুরু হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবের কারণে মহাসড়কে গাড়ির বাড়তি চাপ রয়েছে। যানজট নিরসনে আমাদের পুলিশের টিম কাজ করে যাচ্ছে।