ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সব দফতরকে ডিজিটাল করা হবে: তথ্য সচিব

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ৯ এপ্রিল ২০২২
সব দফতরকে ডিজিটাল করা হবে: তথ্য সচিব
খুলনা আঞ্চলিক তথ্য অফিসে মতবিনিময় সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন- ছবি: ডেইলি বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বলেছেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতরকে ডিজিটাল করা হবে। এর ফলে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

শনিবার খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র এবং বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য সচিব বলেন, বর্তমান যুগ চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে কীভাবে সহজে সরকারি সেবা সম্পর্কিত তথ্য তৃণমূল পর্যায়ে জনগণের কাছে নিয়ে যাওয়া যায় তা নিয়ে ভাবতে হবে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে। পিআইডিকে ডিজিটাল ফটো সরবরাহের পাশাপাশি ভিডিও কন্টেন্ট তৈরির প্রতি মনোযোগ দিতে হবে।

Advertisement

খুলনা তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, তথ্য কমপ্লেক্স এ অঞ্চলে গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা তথ্য অফিসের জন্য ডিজিটাল ব্যানার সমৃদ্ধ প্রচার গাড়ি ক্রয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। ফলে মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে গ্রাম পর্যায়ে সরকারি সেবা সম্পর্কে জনগণকে জানানো সম্ভব হবে।

এ সময় খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, খুলনা পিআইডি’র উপ-প্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার, উপ-বার্তা নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসার মো. মঈনউদ্দীন, বিটিভি খুলনা উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!