ভারতে কারাবন্দী ১৫ জেলের পরিবার পেল খাদ্য সহায়তা
ডেইলি বাংলাদেশ-এ সংবাদ প্রকাশের পর ভারতে কারাবন্দী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সেই ১৫ জেলের পরিবার খাদ্য সহায়তা পেয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঐ উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দরে দুস্থ ও অসহায় এসব জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন ইউএনও আবু হাসনাত মো. শহীদুল হক।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, সাংবাদিক মিজানসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশায় পথ হারায় দেশের সর্বদক্ষিণের মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর বন্দরের এফবি তানজিলা ও এফবি তাহিরা নামে দুটি ট্রলার। পথ ভুলে ভারতীয় জলসীমায় প্রবেশের পর দুটি ট্রলার ও ১৫ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরে তাদের কারাগারে পাঠায় আদালত।
.png)
২০২১ সালের ২০ ডিসেম্বর থেকে কারাবন্দী এসব জেলেদের আজও মুক্তি মেলেনি। ফলে তাদের পরিবারে নেমে এসেছে দুঃখ-দুর্দশার খড়গ। এ নিয়ে ডেইলি বাংলাদেশ-এ সংবাদ প্রকাশ হলে তা কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মো. শহিদুল হকের নজরে আনেন সাংবাদিক সাইফুল ইসলাম রয়েল। পরে জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেন ইউএনও।