এ ঘটনায় শনিবার (১৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী রাবিয়া খাতুন। এর আগে শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের মধুগঞ্জ বাজার এলাকায় সুলতান সু-স্টোরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাবিয়া খাতুন উপজেলার রোকনপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
.png)
অভিযোগে রাবিয়া খাতুন উল্লেখ করেন, গ্রাম থেকে শুক্রবার (১৫ এপ্রিল) বিকলে তিনি দুই ছেলে ও মেয়ে-জামাইকে নিয়ে ঈদের বাজার করতে যান। জুতা না কেনায় সুলতান সু স্টোরের মালিক সোলাইমান ও তার ছেলে আবির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তাকে গালিগালাজের প্রতিবাদ করলে ছেলেকে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে আশপাশ থেকে ইরফান রাজা রুকু, লিটন হোসেনসহ ৮ থেকে ৯ জনের একটি দল চলে আসে। এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে রুকু নামের একটি ছেলে। স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে চলে যাওয়ার পথে ছন্দা সিনেমা হলের সামনে রিকশা থেকে নামিয়ে ছেলেকে আবার মারধর করে রুকু ও তার সহযোগীরা।
এদিকে ছেলেকে রক্ষা করতে আবার এগিয়ে গেলে এ সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নেয় রুকু। ব্যাগের মধ্যে স্বর্ণালঙ্কার বন্ধকী ফেরত নেয়ার ৩০ হাজার ৬০০ টাকা ছিল। এরপর ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সুলতান সু স্টোরের মালিক সোলাইমান হোসেন জানান, জুতা কেনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ওই নারীর সঙ্গে থাকা যুবকটি তাকে একটি ঘুষি মারেন। এরপর তার ছেলে আবির তাকে ধরে ফেলে। এর বেশি কিছু হয়নি। ইরফান রাজা রুকু তার ফুফাতো ভাই।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, রাবিয়া নামের এক নারী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।