চট্টগ্রামে দুই ট্রেনের সংঘর্ষ, ৩ বগি ক্ষতিগ্রস্ত
চট্টগ্রামে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও একটি ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে পাহাড়তলীর মার্শাল ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, পরিষ্কার করা শেষে মার্শাল ইয়ার্ড থেকে বের হচ্ছিল মহানগর এক্সপ্রেস। ওই সময় বিপরীত দিক থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মেঘনা এক্সপ্রেস ট্রেনটিকেও মার্শাল ইয়ার্ডে পরিষ্কার করার জন্য নেয়া হচ্ছিল। সংঘর্ষে মহানগর এক্সপ্রেসের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, দুর্ঘটনার পর মহানগর এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত বগি তিনটি পরিবর্তন করা হয়। ট্রেনটি সাড়ে ১২টায় চট্টগ্রাম ছাড়ার কথা থাকলেও দুর্ঘটনার কারণে দুপুর ২টা ১৫ মিনিটে ছেড়ে যায়।
.png)
এদিকে, খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন। ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলী, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়কে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।