ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২৭ এপ্রিল ২০২২
সাতক্ষীরার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ছবি: ডেইলি বাংলাদেশ

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন। এ সময় জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

রাজকুমারী প্রথমে কুলতলী গ্রাম পরিদর্শনে যান এবং সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নেন। সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে কথা বলা শেষে নিকটবর্তী একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান তিনি। ঘূর্ণিঝড়ের সময় এটির ব্যবহার-ব্যবস্থাপনার বিষয়ে ধারণা নেন।

সাইক্লোন শেল্টার পরিদর্শন শেষে ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বেড়িবাঁধে যান এবং পায়ে হেঁটে সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ, ঝুঁকি সম্পর্কে কথা বলেন।

Advertisement

বেড়িবাঁধ থেকে বুধবার বিকেলেই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ডেনমার্কের রাজকুমারী। তার আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে পুরো উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!