ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজ গায়ে হলুদ কাল নয়নের বিয়ে, কেনাকাটা করতে গিয়ে ঝরল প্রাণ

শরীয়তপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৩:২৪, ৫ মে ২০২২
আজ গায়ে হলুদ কাল নয়নের বিয়ে, কেনাকাটা করতে গিয়ে ঝরল প্রাণ
আইয়ূব মাহমুদ নয়ন-ফাইল ফটো

বিয়ের আয়োজন সম্পন্ন। আজ ছিল গায়ে হলুদ, কাল ছিল বিয়ে। বিয়ের কেনাকাটা করতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আইয়ূব মাহমুদ নয়ন।

নয়ন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব ঢালীকান্দি গ্রামের হাবিবুর রহমান দেওয়ান ও খালেদা বেগম দম্পতির সেজ ছেলে। নয়ন ঢাকাতে ব্যবসা করতেন। তারা পাঁচ ভাই এক বোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৫ মে ছিল আইয়ূব মাহমুদ নয়নের গায়ে হলুদ। গোসাইরহাট উপজেলার গরিবেরচর পেদাকান্দি গ্রামের জসিম উদ্দিন পেদার মেয়ে সুমাইয়া আনজুম তিশার সঙ্গে ৬ মে বিয়ে, আর ৮ মে বউ ভাত হওয়ার কথা ছিল। বিয়ের কেনাকাটা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। নয়ন ঈদের দিন (৩ মে) রাত ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার রুববাবুর হাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পিচ ঢালাই সড়কে পড়ে যান। তখন গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে নয়নের মৃত্যু হয়। 

Advertisement

নিহত নয়নের ছোট ভাই সেকেন্দার দেওয়ান বলেন, আজ গায়ে হলুদ, কাল ভাইয়ের বিয়ে হবার কথা ছিল। ভাইয়ের আর বিয়ে করা হলো না। মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন ভাই। আল্লাহ্ আমার ভাইকে জান্নাত বাসী করুক। 

নয়নের মামা মাহমুদ হাসান সুমন বলেন, নয়নের অনেক শখ ছিল হেলিকপ্টারে করে বিয়ে করবে।  অনেক চেষ্টা করেও হেলিকপ্টার ম্যানেজ করতে পারিনি। কখনো চিন্তা করতে পারিনি এভাবে অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যাবে। নয়নের জন্য অনেক কষ্ট হয়। বুধবার বাদ জোহর জানাজা শেষে পরিবারিক কবরস্থানে নয়নকে দাফন করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জেনেছি নয়নের মোটরসাইকেলের গতি ছিল অনেক। তাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!