ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালভার্ট ভেঙে গর্ত, রডেই ঝুলছে লাল নিশান 

রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা 
প্রকাশিত: ১৯:৫৩, ১৫ মে ২০২২
কালভার্ট ভেঙে গর্ত, রডেই ঝুলছে লাল নিশান 
ছবি: ডেইলি বাংলাদেশ

সড়কের মাঝ বরাবর কালভার্ট ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত বের হয়েছে লোহার রড। সেই রডেই ঝুলছে ছোট ছোট লাল নিশান।  

নেত্রকোনার কলমাকান্দা-পাঁচগাঁও ভারতীয় সীমান্তবর্তী এলাকার মানুষের যাতায়াতের একমাত্র প্রধান সড়কে নির্মিত বক্স কালভার্টে এই গর্ত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচলে যানবাহন দুর্ঘটনা আতঙ্কে পথচারীরা। 

কলমাকান্দা-পাঁচগাঁও সড়কের রংছাতি মোড় এলাকায় এই কালভার্ট অবস্থিত। গত মার্চ মাসের শেষের দিকে কালভার্টটি ভেঙে গর্তের সৃষ্টি হলেও দুই মাসেও সংস্কারে নেয়া হয়নি কোনো উদ্যোগ। দিনে যানবাহন কোনো রকম পাশ কাটিয়ে চলেও দুর্ঘটনার আশঙ্কা বাড়ে রাতে। এরই মধ্যে ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে পথচারীরা। 

সরেজমিন দেখা যায়, প্রতিদিন ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কৃষি পণ্য নিয়ে উপজেলা সদরে যাতায়াত করেন স্থানীয়রা। ছাড়াও এই সড়ক দিয়ে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর, ধর্মপাশার মানুষের নিয়মিত যাতায়াত। কিন্তু গেল দুমাস ধরে পাঁচগাঁও সড়কের রংছাতি মোড়ে কালভার্টটির মাঝখানে বড় একটি গর্ত হয়ে পড়ে আছে। এই গর্ত মেরামতের উদ্যোগ কোনো। তাই স্থানীয়রা কালভার্টের বেরিয়ে থাকা রোডে ছোট লাল নিশান টানিয়েছেন। আর ঝুঁকি দিয়েই চলাচল করছে ভারি যানবাহন থেকে শুরু করে মাঝারি যানবাহন, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা। 

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র বলছে, কলমাকান্দা-পাঁচগাঁও সড়কের রংছাতি মোড় এলাকায় ১৯৯১ সালে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর) এই কালভার্টটি নির্মাণ করে। মার্চ মাসের শেষের দিকে কালভার্টটির মাঝখানে পলেস্তারা খসে বড় একটি গর্তের সৃষ্টি হয়। দিন দিন পর্যায়ক্রমে গর্তটি আরো বড় আকার ধারণ করছে। 

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কে দুমাস ধরে একটি কালভার্টের মাঝখানে গর্ত হয়ে ভেঙে পড়ে আছে। এর ফলে প্রতিনিয়ত ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটছে। তবুও সড়ক কর্তৃপক্ষের সংস্কারের কোনো উদ্যোগ নেই। ছোট একটি কালভার্টের গর্ত সংস্কার করতে কত সময় লাগে? 

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান খান পাঠান বলেন, কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

এলজিইডির কলমাকান্দা উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী বলেন, কালভার্টটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তা সংস্কার করে দেওয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!