ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শত্রুতার বিষে মরল ৯৮৩ হাঁস

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ২০ মে ২০২২
শত্রুতার বিষে মরল ৯৮৩ হাঁস
ছবি : সংগৃহীত

নেত্রকোণার বারহাট্টায় বিষ প্রয়োগে নয় শতাধিক হাঁস মেরে ফেলে শত্রুতার ঝাল মিটিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের সিদ্দিক মিয়া দীর্ঘদিন ধরে একটি হাঁসের খামার পরিচালনা করছেন।

এতে তার পরিবারে সচ্ছলতা এসেছে। তিনি প্রতিদিন নিজ বাড়ির পাশে নির্দিষ্ট জমিতে হাঁস চড়ান। তার খামারে প্রায় এক হাজার ৮০০ হাঁস রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার খাবার দেওয়ার জন্য ৯০০ হাঁস নিয়ে তিনি নির্দিষ্ট জমিতে যান। এই জমিতে খাদ্য খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সবগুলো হাঁস মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে সিদ্দিক মিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পার্শ্ববর্তী হারুলিয়া গ্রামের এনামুল, নাজমুল ও তাজমুলকে আসামি করা হয়েছে।

সিদ্দিক মিয়ার অভিযোগ, এনামুল, নাজমুল ও তাজমুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তার। তারা আমার খামারের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার ভোরে তারা আমার হাঁস চরানোর জমিতে বিষ প্রয়োগ করে রাখে। এই বিষ মেশানো খাবার খেয়ে আমার ৯৮৩টি হাঁস মারা যায়। মারা যাওয়া হাঁসের দাম প্রায় চার লাখ টাকা।

এলাকার চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম খান ছন্দু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ সময় শত শত মরা হাঁস মাটিতে পড়ে থাকতে দেখা যায়।  

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, হাঁস মারা যাওয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে প্রাণিসম্পদ বিভাগের একজন চিকিৎসকসহ পুলিশ ফোর্স পাঠানো হয়। আলামত সংগ্রহ করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!