ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইন বোর্ড এলাকা থেকে মেঘনাঘাট পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট এ যানজটের কবলে পড়ে শত শত পরিবহন যাত্রী চরম ভোগান্তির শিকার হন। অনেকে গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে রওনা হন।
অতিরিক্ত যানবাহন চলাচল, বিভিন্ন পয়েন্টে অবৈধ ইউটার্ন, এশিয়ান হাইওয়ের নয়াপুর এলাকায় রাস্তা সংস্কারের কারণে মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের মদনপুর, সাইন বোর্ড ও মেঘনাঘাট এলাকায় এ যানজট দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ের নয়াপুর এলাকায় মঙ্গলবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের অধীনে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। এ সময় নয়াপুর এলাকা থেকে বন্দর উপজেলার মদনপুর, লাঙ্গলবন্দ, সোনারগাঁও উপজেলার দড়িকান্দি, কাঁচপুর ও মেঘনাঘাট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
.png)
আস্তে আস্তে যানজট মহাসড়কের মদনপুর পয়েন্ট থেকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইন বোর্ড ও অপরপ্রান্তে মেঘনাঘাট ও এশিয়ান হাইওয়ের বস্তল এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কজুড়ে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের মদনপুর, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও সাইন বোর্ড এলাকায় যানজট এখন নিত্যদিনের ঘটনা।
অতিরিক্ত যানবাহন চলাচল, বিভিন্ন পয়েন্টে ইউটার্ন, পণ্যবাহী গাড়ির ইঞ্জিন বিকল, সড়ক দুর্ঘটনা, রাস্তা সংস্কার ও হাইওয়ে পুলিশের উদাসীনতার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, সাইন বোর্ড ও মেঘনাঘাট এলাকায় প্রতিনয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ভোরে নয়াপুর এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হলে এ যানজটের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁওগামী মাইক্রোবাস যাত্রী রবিউল ইসলাম জানান, তিনি সকাল ৬টার সময় নারায়ণগঞ্জ থেকে রওনা হয়ে মদনপুর এলাকায় তীব্র যানজটের কবলে পড়েন। দীর্ঘ ৩ ঘণ্টা তিনি যানজটে আটকে থেকে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে তিনি পায়ে হেঁটে রওনা হন।
ঢাকা-মেঘনা রুটে চলাচলকারী দোয়েল পরিবহণের এমডি গোলজার হোসেন ভূঁইয়া জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট, মদনপুর, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইন বোর্ড এলাকায় যানজট এখন নিত্যদিনের ঘটনা।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সবসময় তৎপর। মঙ্গলবার সকালে এশিয়ান হাইওয়ের নয়াপুর এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু করার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল থেকে প্রায় ৮ ঘণ্টা ধরে যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।