ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ২৬ মে ২০২২
চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা
গ্রেফতার অভিযুক্তরা

বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ায় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহাব্বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া ও ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১৮ লাখ ১৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের মৃদুল হোসেনের ছেলে রাশেদুজ্জামান ওরফে শান্ত ও সদর উপজেলার পিরোজখালী গ্রামের নুর ইসলামের ছেলে বিল্লাল হোসেন।

Advertisement

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সংস্থার বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির নামে প্রতারণা করে আসছিলেন রাশেদুজ্জামান ওরফে শান্ত। সম্প্রতি সরকারি সংস্থায় জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে পুঁজি করে প্রতারণার জাল ছড়ান শান্ত। প্রতিজনকে চাকরি দেওয়ার আশ্বাসে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

সম্প্রতি আলমডাঙ্গার কাবিল নগরের আব্দুল লতিফের ছেলে আব্দুর সবুরকে জুনিয়র ফিল্ড অফিসার পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন শান্ত। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় একটি মামলা দায়ের করেন আব্দুল লতিফ। সেই মামলার সূত্র ধরে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

পরে শহরের মুক্তিপাড়া এলাকায় শান্তর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তিতে ঘরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় নগদ ১৮ লাখ ১৫ হাজার টাকা। পরে ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় তার সহযোগী কাঠ মিস্ত্রি বিল্লাল হোসেনকে।

ওসি মাহাব্বুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন। হাতিয়ে নিয়েছেন কোটি টাকা।

তিনি আরো বলেন, সরকারি চাকরি দেওয়ার নামে শান্ত প্রায় অর্ধকোটি টাকার মালিক হয়েছেন। তিনি এর আগে একটি সরকারি বাবুর্চি হিসেবে কাজ করতেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আরো তথ্য পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!