ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২৮ মে ২০২২
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে গাড়ির চাপ ছবি: ডেইলি বাংলাদেশ

পদ্মা নদীতে স্রোত ও পানি বৃদ্ধি পাওয়ায় মাদারীপুরের বাংলাবাজার-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাই শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে গাড়ির চাপ বেড়েছে। গাড়ি নিয়ে ঘাটে অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালক-শ্রমিকদের।

গত বৃহস্পতিবার সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চালানো বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছে না যানবাহন।

Advertisement

শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে গাড়ির চাপ

বিআইডব্লিউটিসি জানায়, গত কয়েকদিন যাবত পদ্মা নদীতে পানি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে স্রোত। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল করে। স্রোতের কারণে গত বছর কয়েক দফা পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয় ফেরি। এ জন্য  সেতুর নিরাপত্তার কথা ভেবে পানি ও স্রোত বাড়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাই বৃহস্পতিবার সকাল থেকে জাজিরার সাত্তার মাদবর, মঙ্গলমাঝির ঘাটে গাড়ির চাপ কিছুটা বাড়লেও, শনিবার সকাল থেকে গাড়ির চাপ বেড়েছে কয়েকগুণ। 

শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে গাড়ির চাপ

সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট থেকে দিনে ৩টি ও রাতে ৪টি মোট ৭টি ফেরি চলাচল করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যক্তিগত গাড়ি ও জরুরি পণ্যবাহী গাড়ির চাপ থাকায় সাত্তার মাদবর, মঙ্গলমাঝির ঘাটে যানজট সৃষ্টি হয়েছে।  সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট সংযোগ সড়কে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। গাড়ি নিয়ে ঘাটে অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালক-শ্রমিকদের।

শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে গাড়ির চাপ

মাদারীপুর থেকে আসা প্রাইভেটকার চালক সোনামিয়া সরদার বলেন, বাংলাবাজার ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় অসুস্থ রোগী নিয়ে সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে সকাল ৮টায় এসেছি এখন বিকেল ৩টা বাজে। এখনো ফেরিতে উঠতে পাড়িনি। কখন যে ফেরিতে উঠতে পারবো জানি না। 

গোপালগঞ্জ থেকে আসা প্রাইভেটকার চালক শরীফুল ইসলাম ও শরীয়তপুরের ডামুড্যা থেকে আসা বশির আহাম্মেদ বলেন, সাড়ে চার ঘণ্টা  যাবত এই ঘাটে এসেছি। এখনো ফেরিতে উঠতে পারিনি। গরমে ক্লান্ত হয়ে পড়েছি। 

শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে গাড়ির চাপ

ট্রাক চালক সুমন হোসেন বলেন, বাংলাবাজার ঘাটে ফেরি বন্ধ থাকায় সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে এসেছি। কাঁচা মাল সবজি নিয়ে পাঁচ ঘণ্টায়ও ফেরির সিরিয়াল পাইনি। এতে কাঁচা মাল পঁচে যাওয়ার সম্ভাবনা বেশি।

বিআইডব্লিউটিসির মাদারীপুর বাংলাবাজার ও শরীয়তপুর সাত্তার মাদবর, মঙ্গলমাঝির ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ  বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় গত বৃহস্পতিবার সকাল ১০টা   থেকে বাংলাবাজার ঘাটে ফেরি চালানো বন্ধ রাখা হয়েছে। অনির্দিষ্ট সময়ের জন্য ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ থাকবে। এ জন্য জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে গাড়ির চাপ বেড়েছে। ঘাটে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িগুলোকে আগে ফেরিতে নেওয়া হয়। অন্য গাড়িগুলো সিরিয়ালি যায়। তাই যানবাহনের চাপের কারণে ফেরিতে উঠতে বেশি সময় লাগছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!