রোববার সকালে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে দক্ষিণ লেমুয়া এলাকার দুলাল গাজী ও ফজলুল হক পরিবারের মধ্যে ২০১৪ সাল থেকে মামলা চলছে। রোববার সকালে দুলাল গাজীর পরিবারের দখলে থাকা ফসলি জমিতে জোরপূর্বক চাষাবাদের চেষ্টা করে ফজলুল হকের পরিবার ও তাদের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও দেশিয় অস্ত্র এবং টেঁঢা হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)

দুলাল গাজীর ছেলে হৃদয় বলেন, আমাদের মৃত্যুর হুমকি দিয়ে জমি দখলের দীর্ঘদিনের পাঁয়তারা মৃত ফজলুল হক পরিবারের। আজ আমাদের ওপর এনামুল হক খোকন, ছত্তার দফাদার ও নুরুল ইসলাম গাজীর নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীসহ দুই শতাধিক লোকজন পূর্ব পরিকল্পিতভাবে রামদা, টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে। হামলায় নারী-শিশুসহ আমাদের ৫ জন গুরুতর আহত হয়েছে। আমরা আইনের সাহায্য চাই।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও সংবাদমাধ্যমের কাছে মৃত ফজলুল হক পরিবারের কেউই কোনো বক্তব্য দিতে রাজি হননি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।