শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের মুক্তারপাড়া গ্রামের দেওয়াপাড়ায় অভিযান চালিয়ে কনা খাতুনকে আটক করা হয়। এ সময় একজন পরীক্ষার্থীকেও আটক করা হয়।
আটককৃত কনা খাতুন প্রশ্নফাঁস চক্রের মূল হোতা মেহেদী হাসানের স্ত্রী। তিনি বদলগাছী উপজেলার রামশাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
.png)
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে প্রশ্নফাঁস চক্রের মূল হোতা মেহেদী হাসান ও তার স্ত্রী কনা খাতুনসহ পরীক্ষার্থীদের ওপর নজরদারি করে ডিবি পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে কনা খাতুনকে তার বাবার বাড়ি থেকে আটক করা হয়। ঐ সময় চক্রের একজনকে আটক করা গেলেও অন্যদের আটক করা সম্ভব হয়নি। পরে পরীক্ষা চলাকালীন অভিযান চালিয়ে বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে চারজন, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় থেকে একজন, সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্র থেকে একজন ও পিএম উচ্চ বিদ্যালয় থেকে একজন আটক করা হয়। পরে আটককৃতদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নওগাঁ জেলা ডিবি পুলিশের এসআই বদরুদ্দৌজা বলেন, আটককৃত শিক্ষক কনা খাতুনের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।