যশোরে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা কারাগারে
যশোরের অভয়নগরে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গত সোমবার দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের জনৈক কামরুল মজুমদারের বাগানবাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদিন রাতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনির হোসেন বাদী হয়ে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার দুপুরে আসামিদের যশোর আদালতে প্রেরণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
.png)
গ্রেফতারকৃত দুইজন হলেন- চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত মাহামুদের ছেলে মারুফ ওরফে তুহিন (৩৫) ও একই গ্রামের আলী আহমেদ তরফদারের ছেলে তারেক আহমেদ সজল (৩৮)। তারা দুইজনই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি দল চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের জনৈক কামরুল মজুমদারের বাগানবাড়ির সামনে অভিযান চালায়। এ সময় তারেক আহমেদ সজলের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং তার সঙ্গে থাকা মারুফ ওরফে তুহিনের দেহ তল্লাশি করে এক রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান বলেন, র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা সোমবার রাতে অস্ত্র, গুলি, ম্যাগাজিনসহ তারেক আহমেদ সজল এবং মারুফ ওরফে তুহিন নামে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আমাদের নিকট হস্তান্তর করে। তাদের নামে মামলা হয়েছে। গতকাল আসামিদের যশোর আদালতে প্রেরণ করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।