আয়না পড়ার নামে স্কুলছাত্রীকে ধর্ষণ, কবিরাজের যাবজ্জীবন
চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোহাম্মদ হারুন নামে এক কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। এ সময় হারুন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত হারুন ওই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর ছুনিমিঝির বাড়ির মাওলানা আব্দুল কুদ্দুসের ছেলে।
.png)
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পিপি খন্দকার আরিফুল আলম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোহাম্মদ হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার টাকা ভুক্তভোগীর পরিবারকে দিতে বলা হয়েছে।
২০১৬ সালের ২১ জানুয়ারি হারুন কবিরাজের কাছে পানির মোটর চুরির বিষয়ে আয়না পড়ার জন্য গেলে একজন কুমারী লাগবে বলে জানান তিনি। পরদিন ১১ বছরের ওই স্কুলছাত্রীকে নেয়া হলে তাকে প্রথমে কিছুক্ষণ ঝাড়ফুঁক ও তাবিজ লিখে দেন হারুন। পরে নিজের ঘরে নিয়ে তেল মালিশের কথা বলে ধর্ষণ করেন।
ওই সময় ভুক্তভোগীর চিৎকার শুনে তাকে উদ্ধার করে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। এ ঘটনায় একই বছরের ২৪ জানুয়ারি জোরারগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।