ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফাঁদে ফেলে ধর্ষণ, প্রেমিকের মোবাইলে বহু মেয়ের ছবি-ভিডিও

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ১০ জুন ২০২২
ফাঁদে ফেলে ধর্ষণ, প্রেমিকের মোবাইলে বহু মেয়ের ছবি-ভিডিও
গ্রেফতারকৃত রুবেল ও তার সহযোগী ওসমান- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে ধর্ষণের শিকার হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এক কলেজছাত্রী। এ ঘটনায় ঐ ছাত্রীর মা ভূঞাপুর থানায় অভিযোগ করার পর বখাটে প্রেমিক রুবেল ও তার সহযোগী ওসমান গনিকে আটক করেছে পুলিশ।

বুধবার চট্টগ্রামের একটি বাসা থেকে আটক করা হয় রুবেল ও ওসমানকে। অভিযুক্ত রুবেল একই উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও তার সহযোগী ওসমান গনি একই গ্রামের লাল মিয়ার ছেলে।

জানা যায়, রুবেলের সঙ্গে ফেসবুকে নিয়মিত কথাবার্তা চলত ঐ কলেজছাত্রীর। দেখা-সাক্ষাতের মধ্য দিয়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে ঐ ছাত্রী। সে সময়ে কৌশলে ভিডিও ধারণ করে রুবেল। এরপর থেকেই তার কথামতো না চললে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত সে। পরে ঐ কলেজছাত্রী কাউকে না জানিয়ে বাধ্য হয়ে রুবেলের সঙ্গে চলে যায় চট্টগ্রাম। সেখানে একটি ভাড়া বাসায় থাকত তারা।

Advertisement

আরো জানা গেছে, মেয়ে নিখোঁজের ঘটনায় তার মা গত ৫ জুন ভূঞাপুর থানায় একটি জিডি করেন। এরপর রুবেলের মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযান চালায় পুলিশ। বুধবার চট্টগ্রাম থেকে ঐ কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত রুবেল-ওসমানকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে রুবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত বখাটে রুবেল ঐ কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে যায়। সেখানেও ধর্ষণের শিকার হয় ঐ ছাত্রী।

ওসি আরো জানান, প্রথমে ভুক্তভোগীর নিখোঁজের জিডি হলেও রুবেল ও তার সহযোগী ওসমান আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা হয়। শুক্রবার দুপুরে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। রুবেলের মোবাইলে ঐ ছাত্রীসহ একাধিক মেয়ের আপত্তিকর ছবি পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এছাড়া ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল
হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!