সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কুসিক নির্বাচনে নিরাপত্তা রক্ষায় বিভিন্ন স্তরে ৩ হাজার ৬০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিটির বিভিন্ন পয়েন্টে ৭৫টি চেকপোস্ট। ভ্রাম্যমাণ মোবাইল টিম থাকছে ১০৫টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন, র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র্যাব) ৩০টিম থাকছে, রয়েছেন অর্ধশত নির্বাহী ও ৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
এর বাইরেও সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকছে যথাক্রমে ২২ ও ২৪ জন করে পুলিশ, আনসার, ব্যাটালিয়ন আনসারসহ গ্রাম পুলিশের সদস্য। আর এ প্রথমবারের মতো কেন্দ্রের বাইরে-ভেতরে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
.png)
নির্বাচনের নিরাপত্তার প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, নির্বাচনে ৩ হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকছে। তারা কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
এর আগে, সোমবার কুসিক নির্বাচনের নির্বাচনী প্রচারণা শেষ হয়। গতকাল মঙ্গলবার র্যাব-পুলিশের সহায়তায় কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ১০৫টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ রয়েছে ৬৪০টি। নির্বাচনের রিটানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছ থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা এসব সামগ্রী বুঝে নেন এবং কেন্দ্রে পৌঁছান।
কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। এবার ২২ হাজার নতুন ভোটার।