ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের পরের রাতেই যুবকের রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ১৫ জুন ২০২২
বিয়ের পরের রাতেই যুবকের রহস্যজনক মৃত্যু
নিহতের বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড়- ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের পরের রাতেই নিজ ঘরে রতন প্রামাণিক নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয় বলে ধারণা পরিবার ও পুলিশের। স্থানীয়রা বলছে এটি আত্মহত্যা হতে পারে। এর আগে, সোমবার বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে আসেন রতন।

নিহত রতন প্রামাণিক ঐ উপজেলার সলঙ্গা ইউনিয়নের সাত টিকরি দক্ষিণপাড়া গ্রামের জয়নাল প্রামাণিকের ছেলে। 

Advertisement

প্রতিবেশী আব্দুল কুদ্দুস জানান, সোমবার একই উপজেলার কয়ড়া গ্রামের আসাদুল প্রামাণিকের মেয়ে আয়শা খাতুনকে বিয়ে করেন রতন। পরের রাতেই তার ঝুলন্ত লাশ উদ্ধার পাওয়া যায়।

নিহতের বড় বোন রত্না খাতুন বলেন, রাত ১০টার দিকে রতনকে ঘরে রেখে আসলাম। সকাল ৫টার দিকে উঠে তাকে ডাক দেই। পরে নতুন বউ দরজা খুলে দিলে ভেতরে গিয়ে দেখি সিলিংয়ে রতনের লাশ ঝুলছে। তার স্ত্রীও কিছু বলতে পারেনি।

রতনের স্ত্রী আয়শা খাতুন বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। তখন আমার স্বামী মোবাইলে গান শুনছিল। সকালে দরজা খোলার পর ঘরে আলো আসলে তাকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখি।

সলঙ্গা ইউনিয়নের সচিব মো. আব্দুল আলীম বলেন, খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সবার সঙ্গে কথা বলে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সবার সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হয়েছে। মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা চলছে। তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!