ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরির শেষ দিনে কনস্টেবল হামিদের ব্যতিক্রমী বাড়ি ফেরা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ১ জুলাই ২০২২
চাকরির শেষ দিনে কনস্টেবল হামিদের ব্যতিক্রমী বাড়ি ফেরা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর পুলিশ কনস্টেবল মো. আবদুল হামিদ দীর্ঘ ৩৯ বছরের চাকরিজীবন শেষে অবসরে গেলেন। অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখার জন্য হামিদকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সুসজ্জিত গাড়িতে চেপে তিনি বাড়ি ফিরেছেন।

শুক্রবার সোনাইমুড়ী থানা পুলিশের আয়োজনে আনন্দঘন পরিবেশে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের চানমিয়া হাজি বাড়ির মৃত মফিজ উল্যাহর ছেলে কনস্টেবল আবদুল হামিদ। ১৯৮২ সালের জুন মাসে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। দীর্ঘ ৩৯ বছর দেশের বিভিন্ন থানায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন কনস্টেবল আবদুল হামিদ। তার অবসরে যাওয়ার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছিলেন শেষ কর্মস্থল সোনাইমুড়ী থানা পুলিশের সহকর্মীরা।

Advertisement

শুক্রবার আবদুল হামিদকে বিদায় সংবর্ধনা দেওয়ার সময় ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এরপর পুলিশের একটি সুসজ্জিত গাড়িতে করে তার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের গ্রামের বাড়িতে পাঠানো হয়।

কনস্টেবল আবদুল হামিদ বলেন, চাকরির শেষে এমন সম্মান অনেকের ভাগ্যেই জোটে না। আমি অনেক আনন্দিত। অবসরে যাওয়ার সময় আমাকে এমন সম্মান প্রদর্শন করায় নোয়াখালী জেলা পুলিশ ও সোনাইমুড়ী থানার সকল পুলিশকে অসংখ্য ধন্যবাদ।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, কনস্টেবল মো. আবদুল হামিদকে অবসরে যাওয়ার পর বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া তাকে বিদায়ী শুভেচ্ছা জানানোসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আমি সত্যিই আনন্দিত তার চাকরিজীবনের শেষ মুহূর্ত স্মরণীয় করে রাখার জন্য এ আয়োজন করতে পেরে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!