মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগরের চকবাজার থানার ডিসি রোডের চৌধুরী নাঈম সরোয়ার নামে এক ব্যবসায়ী।
মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল হাসনাত বলেন, ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি থেকে মোটরসাইকেল কিনতে এক লাখ ৬০ হাজার টাকা দেন চৌধুরী নাঈম সরোয়ার। কিন্তু মোটরসাইকেলটি দেয়নি ইভ্যালি। পরে তাকে একটি চেক দেওয়া হয়। সেই চেক ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
.png)
মামলার আবেদনে বলা হয়, ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে এক লাখ ৬০ হাজার টাকার মোটরসাইকেল অর্ডার দেন চৌধুরী নাঈম সরোয়ার। কিন্তু দীর্ঘসময়েও তার কাছে মোটরসাইকেল সরবরাহ করতে পারেনি ইভ্যালি। পরে ২০২১ সালের ১৪ অক্টোবর ইভ্যালির অফিস থেকে একটি চেক দেওয়া হয়। চেকটি ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। ফলে মামলাটি করা হয়।
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে আরেক গ্রাহক। পরদিন বিকেলে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাব। এরপর থেকে রাসেল কারাগারে রয়েছেন।