ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮০ বছরের মাকে হাতুড়ি দিয়ে নির্যাতন চেষ্টার ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৩, ৫ জুলাই ২০২২
৮০ বছরের মাকে হাতুড়ি দিয়ে নির্যাতন চেষ্টার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ফিরোজা বেগম নামে ৮০ বয়সী এক বৃদ্ধা মাকে হাতুড়ি দিয়ে নির্যাতন চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ভরতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এক মিনিট এক সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা যায়, ছেলে আবুল হোসেন হাতুড়ি হাতে তার মাকে আঘাতের চেষ্টার পাশাপাশি অকথ্য ভাষায় গালাগাল করছেন। অভিযুক্ত আবুল হোসেন ঐ গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।

Advertisement

ভুক্তভোগী ঐ বৃদ্ধার মেয়ে রোকেয়া বেগম বলেন, আবুল হোসেন বিভিন্ন সময় তার মা ফিরোজা বেগমকে মারপিট করত। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে ফিরোজা বেগম সম্প্রতি নাটোর কোর্টে আবুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত আবুল হোসেনকে মায়ের সঙ্গে সু-সম্পর্ক রাখতে এবং ভরণ-পোষণ দিতে নির্দেশ দিয়ে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়। আদালতের নির্দেশনা মোতাবেক দুই সপ্তাহ আগে মাকে নিজ বাড়িতে নিয়ে যায় আবুল হোসেন। কিন্তু নিজ বাড়িতে নেয়ার পর থেকে আবার নির্যাতন শুরু করে। মাকে হাতুড়ি দিয়ে মারপিট, ছুরি দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা ও প্লাস দিয়ে আঙ্গুলের নখ তুলে নেয়ার চেষ্টা করে।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তি কর্তৃক ধারণকৃত এক মিনিট এক সেকেন্ডর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিডিওটি পুলিশের নজরে আসার পরই অভিযান চালিয়ে আব্দুল হোসেনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!