ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে নষ্ট হয়নি চামড়া, মিলেছে ভালো দাম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ১২ জুলাই ২০২২
চট্টগ্রামে নষ্ট হয়নি চামড়া, মিলেছে ভালো দাম
ফাইল ছবি

আগের বছরগুলোতে চট্টগ্রামে চামড়া ফেলে দেওয়া কিংবা নষ্ট হওয়ার খবর পাওয়া গেলেও এবার তা পাওয়া যায়নি। এর কারণ হিসাবে বলা হচ্ছে- চামড়ার ভালো দাম মিলেছে এবার। আকার ও মানভেদে প্রতি চামড়া ২৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি করেছেন কোরবানিদাতারা। 

জানা গেছে, চট্টগ্রামে প্রায় এক লাখ চামড়া সংগ্রহ করেছে গাউসিয়া কমিটি। তারা ভালো দামে চামড়া সংগ্রহ করায় দাম নিয়ে কারসাজি করতে পারেনি অসাধু চক্র। নগরজুড়ে ৩০০ বুথ বসিয়ে চামড়া সংগ্রহ করে গাউসিয়া কমিটি। এর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও চামড়া সংগ্রহ করা হয়। চামড়া সংগ্রহ ও সংরক্ষণে তাদের প্রায় ৯ হাজার কর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করেন। এছাড়া চামড়া সংগ্রহের জন্য শতাধিক পিকআপ ও চামড়া সংরক্ষণের জন্য তিন লাখ কেজি লবণ মজুত রাখেন তারা।

গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব ও মানবিক সেবা টিমের প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, চামড়া বিক্রির টাকা বিভিন্ন মাদরাসায় লেখাপড়া করা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের থাকা-খাওয়ার জন্য ব্যয় করা হয়। দাম কম মিললে তারাই ক্ষতিগ্রস্ত হয়। তাই এবার নিজেরাই চামড়া সংগ্রহের উদ্যোগ নিয়েছি। কোরবানিদাতাদের সঙ্গে কথা বলে জানা গেছে- দাম নিয়ে কারসাজির কারণে গত তিন বছর হাজার হাজার পিস চামড়া নষ্ট হয়েছিল চট্টগ্রামে। গাউসিয়া কমিটির উদ্যোগের কারণে এবার তা হয়নি।

Advertisement

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন বলেন, আমাদের সমিতির আওতাভুক্ত ১১২ জন সদস্য আছেন। যারা চট্টগ্রামে চামড়া কেনেন। এবার এখন পর্যন্ত সব মিলিয়ে দেড় লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। সর্বনিম্ন চামড়া কেনা হয়েছে ২৫০ টাকায়। সর্বোচ্চ সাড়ে ৫৫০ টাকায় আমরা চামড়া কিনেছি। মাসখানেক পর ট্যানারি থেকে প্রতিনিধিরা এসে সংরক্ষণ করা চামড়াগুলো দেখবেন। এরপর বিক্রির প্রক্রিয়া শুরু হবে।

জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমেত, এবার গরু পাঁচ লাখ ৪৯ হাজার ৩২০, মহিষ ৬০ হাজার ৫১৫, ছাগল এক লাখ ৭৯ হাজার ১৭, ভেড়া ৫১ হাজার ২১০ ও অন্যান্য ৪১টি পশুসহ মোট আট লাখ ৪০ হাজার ১০৩টি পশু কোরবানি হয়েছে চট্টগ্রামে। যা আগের বছর ছিল সাত লাখ ৪২ হাজারের বেশি। অর্থ্যাৎ এক বছরের ব্যবধানে চট্টগ্রামে প্রায় এক লাখ বেড়েছে পশু কোরবানি।

এ বছর চামড়ার নির্ধারিত দর ছিল গত বছরের চেয়ে বেশি। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা, যা গত বছর ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা। আর ঢাকার বাইরে ধরা হয় প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা, যা গত বছর ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা ও বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!