ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারীর অশ্লীল ছবি বানানোয় ৭ বছরের জেল

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ২১ জুলাই ২০২২
নারীর অশ্লীল ছবি বানানোয় ৭ বছরের জেল
দণ্ডিত ব্যক্তি

নাটোরে নারীর ছবি এডিট করে ব্ল্যাকমেইলে সহযোগিতা করায় শ্যাম দাস নামে একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুন্যাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শ্যাম দাস নাটোর সদর উপজেলার লালবাজার এলাকার নারায়ণ চন্দ্র দাসের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। এ মামলায় প্রধান আসামি ছিলেন একই এলাকার নরেন্দ্রনাথ চন্দ্রের ছেলে বাবলু চন্দ্র। তিনি মারা গেছেন।

সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, প্রতিবেশী এক নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন বাবলু চন্দ্র। এতে সাড়া না দেওয়ায় শ্যাম দাসের মাধ্যমে ওই নারীর ছবি এডিট করে অশ্লীল ছবিতে রূপান্তর করেন তিনি।

এ ছবি দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইলের চেষ্টাও করেন বাবলু। এতেও লাভ না হওয়ায় ওই নারীর বাবাকে ছবিটি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি। টাকা না দিলে ছবিটি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে তিনি কয়েকজনকে সেই ছবি দেখান।

এ নিয়ে দুজনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ মে থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আসার পর সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরই মধ্যে প্রধান আসামি বাবলু মারা যান। পরে শ্যাম দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে এ রায় দেয় আদালত। ক্ষতিগ্রস্ত হিসেবে জরিমানার পাঁচ লাখ টাকা ওই নারী পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!