ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্রোতে ভেসে আসা অজগর ফিরলো বনে 

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ৩ আগস্ট ২০২২
স্রোতে ভেসে আসা অজগর ফিরলো বনে 
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢলে ভেসে আসা দুইটি অজগর সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবকরা। বুধবার সকালে উপজেলার সদর ইউপির ফারাংপাড়া গ্রামের সোমেশ্বরী নদীর বালুচর থেকে প্রায় তিন ফুট লম্বা একটি অজগরের বাচ্চা উদ্ধার করে স্বেচ্ছাসেবকরা। 

এর আগে গত সোমবার সন্ধ্যায় পৌর শহরের শিবগঞ্জ এলাকার সোমেশ্বরী নদীর পাড় থেকে আরো একটি ইন্ডিয়ান পাইথন প্রজাতির প্রায় চার ফুট লম্বা অজগরের বাচ্চা উদ্ধার করে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং এর সদস্যরা। 

বুধবার দুপুরে দুদিনের পরিচর্যা শেষে উপজেলার গহীনে বনে অজগরগুলো অবমুক্ত করেন স্বেচ্ছাসেবকরা। 

Advertisement

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ি সোমেশ্বরী নদীতে পানি কিছুটা বৃদ্ধি পায়। উজান থেকে নেমে আসা ঢলে বিভিন্ন গাছপালা সঙ্গে অজগরের বাচ্চাও ভেসে আসে। পরবর্তীতে এগুলো মানুষের নজরে পড়লে স্বেচ্ছাসেবকরা খবর পেয়ে উদ্ধার করেন। 

স্থানীয় বাসিন্দা সানি ঢালী জানান, গত সোমবার রাতে সোমেশ্বরী নদীর শিবগঞ্জ এলাকা থেকে ভেসে আসা লাকড়ির ঝোপের মাঝে কিছু একটা নড়াচড়া দেখতে পান স্থানীয়রা। পরে কয়েকজন মিলে ঝোপের ভেতর থেকে অজগরের বাচ্চা বের করে আনেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবকরা অজগরটিতে উদ্ধার করে নিয়ে যান। 

সোমেশ্বরী নদীর বালু শ্রমিক মাসুদ বলেন, মঙ্গলবার রাতে ফারাংপাড়ার এলাকায় কাজ করার সময় বালুচরের ডাইভারশনের ওপর ছোট একটি সাপের বাচ্চা দেখতে পাই। প্রথমেই বিষধর ভেবে ভয়ে ভয়ে  সামনে যেতেই দেখতে পাই একটি অজগরের বাচ্চা। পরে অজগরটিকে বোতলে ভরে রাখি। সকালে সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং এর সদস্যদের কাছে অজগরটি তুলে দেওয়া হয়। 

সেভ দ্য এনিমেলস অফ সুসং এর দফতর সম্পাদক শুভন ঘোষ বলেন, সোমেশ্বরী নদীতে মাঝে মধ্যেই বিভিন্ন বন্যপ্রাণী ভেসে আসে। এরইমধ্যে ৩০ টি রেসকিউ অপারেশনের মাধ্যমে ১২টি অজগরসহ অসংখ্য বন্যপ্রাণী উদ্ধারের পর বনে অবমুক্ত করেছি। উজান থেকে লোকালের ভেসে আসা বন্যপ্রাণীদের উদ্ধারে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। বেশ কিছু জায়গা চিহ্নিত করেছি এবং প্রচারণাও জোরদার করেছি। এখন স্থানীয়রা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন এবং বন্যপ্রাণীদের উদ্ধারে এগিয়ে আসছেন। এতে করে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য অনেকটাই রক্ষা পাবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!