ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় কারাগারে যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ৭ আগস্ট ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় কারাগারে যুবক
কারাদণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় জুয়েল মিয়া নামে এক যুবককে চার বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ রায় প্রদান করেন। মাত্র ৫৬ দিনে এ মামলার রায় প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের আবুল বাশারের ছেলে।

জানা যায়, জুয়েল অস্ত্র, হত্যা ও মাদক মামলাসহ ১৫টি মামলার আসামি। গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি পলাতক ছিলেন। চলতি বছরের ১১ জুন তাকে কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পর তাকে নিয়ে কসবায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলভার এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন র‌্যাবের এসআই আবদুল মান্নান বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পরে জেলা গোয়েন্দা শাখায় স্থানান্তরিত করা হয়।

Advertisement

এ মামলা দায়েরের মাত্র ১৪ দিনের মাথায় গত ২৬ জুন গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। রোববার আদালত মাদকের মামলায় অভিযুক্ত জুয়েলকে চার বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলা দায়েরের মাত্র ৫৬ দিনে সকল প্রক্রিয়া শেষে আদালত এ মামলার রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বশির আহমেদ বলেন, আদালত দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করে এই রায় দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট। সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!