ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ১০ আগস্ট ২০২২
গোপালগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামিরা- ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদের ইমাম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার অপর ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার মো. আব্বাস উদ্দীন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৮ জুলাই সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা পূর্বপাড়া গ্রামের মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান তার বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা পুকুরের মালিকানা দাবি করে মাছ শিকারে বাধা দিলে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আসামিরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে ওয়াদুদ খানকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ঘটনায় নিহতের ছেলে মো. আলীম খান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানির পর বুধবার দুপুরে ঐ মামলার আসামী হায়দার মোল্যা, ইউনুস মোল্যা ও হিটলার মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপর আসামি আক্তার মোল্যাকে এক বছর এবং সাগর মোল্যাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১২ জন আসামিকে খালাসের আদেশ দেন আদালত।

বাদী পক্ষের মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান। আসামি পক্ষের মামলা পরিচালনা অ্যাডভোকেট ফজলুল হক খান খোকন এবং মো. আবু তালেব শেখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!