১০ টাকা ভাড়া নিয়ে ঝগড়ার জেরে অটো চালককে হত্যা, গ্রেফতার ২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা চালক বলরাম মজুমদারকে ভাড়ার ১০ টাকা নিয়ে ঝগড়ার জেরে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে চোরাইকৃত অটোরিকশার অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার শ্যামল চন্দ্র দাস পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউপির নারায়ণ চন্দ্র দাসের ছেলে। অপর আসামি আবদুল খালেক ওরফে তোতা মিয়া উপজেলার সিরাজপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মাহবুবুল হক মুন্সি বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল এসপি মো.শহীদুল ইসলাম। এর আগে বুধবার কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
.png)
এসপি বলেন, ৩১ জানুয়ারি রিকশাচালক বলরাম মজুমদারের অটোরিকশায় উঠে বসুরহাট কলেজ রোড থেকে উপজেলার ৪ নম্বর চরকাঁকড়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় নিয়ে যায় আসামিরা। এরপর ইউনুছ চৌকিদারের বাড়ির পূর্ব পাশে কৃষি জমিতে নিয়ে বলরামকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা।
নিহত বলরাম উপজেলার চর হাজারী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। গত ৩১ জানুয়ারি দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে বলরামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসপি আরো জানান, আসামি শ্যামল চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম বলরাম মজুমদারের সঙ্গে ঘটনার ৪-৫ দিন আগে অটোরিকশার ১০ টাকা ভাড়া নিয়ে ঘটনার সঙ্গে জড়িত পলাতক ২ জন আসামির সঙ্গে ঝগড়া হয়। সেই ঝগড়াকে কেন্দ্র করে আসামিরা তাকে শ্বার্সরোধ করে হত্যা করে। পরবর্তীতে আসামি আব্দুল খালেক ওরফে তোতা মিয়ার কাছে ২৭ হাজার-টাকায় অটোরিকশা বিক্রয় করা হয়। রিকশা বিক্রয়ের ৫ হাজার টাকা অপর আসামি শ্যামল চন্দ্র দাসকে ভাগ দেওয়া হয়।