মঙ্গলবার দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এর আগে, এদিন সকালে ওই উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের মনজেরা বেওয়া। ৪২ বছর বয়সী মনজেরা ওই গ্রামের মৃত জাহিদুল বেপারির স্ত্রী। অন্যজন হলেন হাফিজুর রহমান। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
.png)
জানা গেছে, সন্তানসহ মৃত স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন মনজেরা। সোমবার রাতের কোনো এক সময়ে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে মঙ্গলবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে, হাফিজুর সোমবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে পাঁচথুপি গ্রামের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আমগাছের ডালের সঙ্গে তার গলায় দড়ি পেঁচানো ছিল।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা জানান, নারীসহ দুজনের লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তাদের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুই লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত করা হচ্ছে।