‘মাদকের আড্ডায়’ ভ্যানচালক খুন
বগুড়ার সদরের সাজু মিয়া নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজু মাদকসেবী ছিলেন। ‘মাদকের আড্ডায়’ তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার দুপুরে সদরের ঝোঁপগাড়ি এলাকার এক জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। এর আগে, বুধবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক।
নিহত সাজু সদরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। তবে তিনি শহরের বড়কুমিরা এলাকায় বসবাস করতেন।
পুলিশ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাজু। পরে ভ্যানটি গ্যারেজে জমা দেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। নিহত সাজু মাদকাসক্ত ছিলেন। রাতে গ্যারেজে ভ্যান জমা দিয়ে ‘মাদকের আড্ডায়’ বসেন সাজু। ওই আড্ডায় কোনো দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে- এমন ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা জড়িতদের ধরতে অভিযান চলছে। তদন্ত শেষে তাকে হত্যার সঠিক কারণ জানা যাবে।