শার্শায় ১৭ সোনার বারসহ পাচারকারী আটক
যশোরের শার্শার রুদ্র সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি সোনার বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৬৩ লাখ টাকা।
আটক মোনতাজ পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন খবরে জানতে পারি- শুক্রবার সকাল ১১টার দিকে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক সোনা পাচারকারী সীমান্তের রুদ্রপুর এলাকায় পাকা রাস্তার ওপর অবস্থান করছে।
.png)
রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সেখানে (পাকা রাস্তার উপর) অভিযান চালিয়ে এক সোনা পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭টি সোনার বার জব্দ করা হয়।
এ নিয়ে খুলনা-২১ বিজিবি তার অধীনস্থ গত ছয় মাসে প্রায় ১০ কেজি সোনা আটক করেছে। এ সময় ৬ জন আসামিকে আটক করেন তারা। মোট আটককৃত সোনার সিজার মূল্য প্রায় ৭ কোটি ৬৩ লাখ টাকা।
সোনাসহ আটক আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।