ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১০ বছর লুকিয়ে ছিলেন শিবিরকর্মী ‘গিট্টু মানিক’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ১৯ আগস্ট ২০২২
১০ বছর লুকিয়ে ছিলেন শিবিরকর্মী ‘গিট্টু মানিক’
গ্রেফতারকৃত শিবিরকর্মী মো. মানিক ওরফে গিট্টু মানিক- ফাইল ফটো

বিদেশে পালিয়ে থাকা চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শিবির নেতা সাজ্জাদ হোসেন খানের সহযোগী মানিক ওরফে গিট্টু মানিককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার হাটহাজারী উপজেলার চৌধুরীহাট ছড়ারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শিবিরকর্মী মো. মানিক ওরফে গিট্টু মানিক বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া হামিদপুর পূর্ব মসজিদ এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি সাজ্জাদের অস্ত্র ভাণ্ডারের রক্ষক ছিলেন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান।

তিনি বলেন, গোপন সংবাদে এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে শিবিরকর্মী গিট্টু মানিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও রয়েছে অস্ত্র-হত্যাসহ একাধিক মামলা। ২০১১ সালে অস্ত্র উদ্ধার মামলায় তাকে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। সেই সময় থেকে তিনি পলাতক।

জানা গেছে, ২০১১ সালের ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদরের বিশ্বরোড চৌরাস্তার মোড় থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবির নেতা সরওয়ার এবং ম্যাক্সনকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গ্রেফতার দুজনের দেওয়া তথ্যে ৬ জুলাই বাড়ির পেছনের পুকুরপাড় থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ শিবিরকর্মী গিট্টু মানিককে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল- একটি এ কে-৪৭ রাইফেল ও ২৭ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটারগান এবং একটি দেশীয় এলজি।

অস্ত্র উদ্ধারের ঐ ঘটনায় সেসময় তিন শিবির নেতার বিরুদ্ধে মামলা করেন বায়েজিদ বোস্তামী থানার তৎকালীন ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম। মামলায় তিনজনকে অভিযুক্ত করে একই বছরের ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১২ সালের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরবর্তীতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ২০১৬ সালের ৩১ আগস্ট তাদের প্রত্যেককে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে/আরআই
ট্যাগ: শিবির নেতা
লিংক সফলভাবে কপি হয়েছে!